ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় মিনিবাস ও কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার কাজিরাঙার রোঙ্গাজান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁও যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।
পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে, ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

