জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ওঅংশীজনদেরধারাবাহিকভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি।’ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না।
আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’
পোস্টে তিনি আরও দাবি করেন, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে।
দেশের ভেতরে নাশকতা চালিয়ে তারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে—এ আশা আর করি না।
আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’
তবে যেকোনো পরিস্থিতি গণতান্ত্রিক উপায়ে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা করব।
ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।’

