কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে।
২০২৫ সালের ১২ মে প্রকাশিত গেজেটেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, গেজেট অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়।
দলটির জন্মলগ্ন থেকেই তারা আগুন-সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন তিনি।
বিচ্ছিন্ন কয়েকটি স্থানে গিয়ে এসব কর্মকাণ্ড ঘটানো তাদের জন্য অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

