অনিয়ম, স্বাক্ষর জালিয়াতি, অনুদানের অর্থ আত্মসাৎ এবং সরকারি বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো।
একই সঙ্গে এসব সংস্থার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ও ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের মতো অপরাধের প্রমাণ পাওয়ায় এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
মন্ত্রী জানান, এনজিওবিষয়ক ব্যুরো নতুন এনজিওর নিবন্ধন, নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানের প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে।
সরকারি বিধিবিধান ও নিজস্ব নীতিমালার আওতায় এসব কার্যক্রম পরিচালিত হয়।
তিনি বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিওবিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দেশে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবী কার্যক্রম সমন্বয় করে আসছে।
দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এসব সংস্থারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে এনজিওগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে তাদের ভূমিকা রয়েছে। তবে বেআইনি কর্মকাণ্ডে জড়িত সংস্থাগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

