দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা দেশে গণতন্ত্রের নতুন অগ্রযাত্রার সূচনা করেছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক রূপ। বাংলাদেশের মানুষ বারবার ত্যাগের মধ্য দিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম করেছে। কিন্তু বিগত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ভোটাধিকার হরণের মাধ্যমে দেশে চরম শাসনতান্ত্রিক সংকট তৈরি করা হয়েছিল।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার বলেন, স্বাধীনতা অর্জনের ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের প্রধান ভিত্তি। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয় সংসদকে জবাবদিহি ও সার্বভৌমত্বের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

