আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, গত ১৭ বছরে সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন। তিনি বলেন, অর্থবিত্ত নয়, জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে স্পিকার বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতায় আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ সরকারের আমলে সৎ ও নিরপেক্ষ মানুষের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
ভোলার গ্যাসসম্পদ প্রসঙ্গে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। ভোলাবাসীর গ্যাসের প্রয়োজন ও দীর্ঘদিনের দাবির বিষয়টি তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।
Keep Reading
Add A Comment

