শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি খুলনা ও বাগেরহাট সফরে যাবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে মহানবমী উপলক্ষে তিন বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সকাল ৯টায় ঢাকা ছাড়েন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন পূজামণ্ডপে উপস্থিত ভক্তরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে শারদীয় শুভেচ্ছা জানান তাঁরা।
এদিকে বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে রয়েছে হেলিকপ্টারে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে সভায় যোগদান এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে যাত্রা করে ১০টায় সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন। সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের পর সকাল ১০টা ৪৫ মিনিটে লঞ্চে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি।
দুপুর পৌনে ১টায় বানৌজা মোংলায় পৌঁছে মধ্যাহ্নবিরতি শেষে বেলা পৌনে ২টায় ওয়ার্ডরুমে সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি এবং সাড়ে ৩টায় বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি। বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Keep Reading
Add A Comment

