দেশে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ‘উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। গতকাল এ-সংক্রান্ত সারসংক্ষেপে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী বলে একাধিক সূত্র জানিয়েছে।
উপজেলা পর্যায়ে সরকারি নীতি ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, নাগরিক সেবার মান বাড়ানো এবং মাঠ প্রশাসনের সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এ সম্মেলনের মূল লক্ষ্য।
ডিসি সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলনে গ্রামীণ অবকাঠামো, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সরকারের অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে স্থানীয় সরকার, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, ভূমি, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। তাঁরা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেবেন।
দেশে বর্তমানে ৫০৩টি উপজেলা রয়েছে। এসব উপজেলায় সরকারি কার্যক্রম সমন্বয় ও জনসেবা নিশ্চিত করতে ইউএনওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত ৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের এক সভায় ইউএনও সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাঠপর্যায়ের সমস্যা সরাসরি তুলে ধরে দ্রুত সমাধানের উদ্যোগ নিতেই এ সম্মেলনের প্রস্তাব করা হয়।
Keep Reading
Add A Comment

