ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে মানুষ ধর্মীয় পরিচয় ভুলে একসঙ্গে লড়াই করেছেন। বিভিন্ন ধর্মের মানুষ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন।
তিনি বলেন, দেশের পরিবর্তনে সব নাগরিক উপকৃত হবেন। আর কেউ ক্ষতিগ্রস্ত হলে তাঁর ধর্মীয় পরিচয় বিবেচ্য নয়। মানুষ হিসেবে একে অপরের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করাই সবার দায়িত্ব।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ আয়োজন আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা।
সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী
ঢাকেশ্বরী মন্দিরে তিনি এ কথা বলেন
Keep Reading
Add A Comment

