অর্থসংকটের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্যসহায়তা প্রায় এক-তৃতীয়াংশ কমাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে প্রায় পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সোমবার (১৯ অক্টোবর) সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
ডব্লিউএফপি জানায়, চলতি মাসে গাজার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১১ লাখ মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে, সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১৬ লাখ। পরিবারপ্রতি খাদ্য প্যাকেট দুটি থেকে কমিয়ে একটি করা হয়েছে। কমানো হচ্ছে গমের আটা ও নগদ সহায়তাও। প্রতিদিন রান্না করা খাবার বিতরণ আড়াই লাখ থেকে কমিয়ে দেড় লাখে নামানো হবে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, গাজার প্রায় ৬৭ শতাংশ মানুষ—আনুমানিক ১৪ লাখ—সংকটপূর্ণ বা তার চেয়ে গুরুতর খাদ্য অনিরাপত্তায় রয়েছে। উপত্যকার ৮০ শতাংশের বেশি মানুষ বেকার থাকায় অনেক পরিবারের পক্ষে পুষ্টিকর খাবার কেনা কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত খাদ্যসহায়তা না পেলে প্রায় দুইআ লাখ মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
তবে বেকারিগুলোতে সহায়তা, তিন লাখ নারী ও শিশুর পুষ্টিসেবা এবং দুই লাখ শিক্ষার্থীর স্কুলের নাশতা কার্যক্রম চালু থাকবে।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরে আগামী মার্চ পর্যন্ত জরুরি কার্যক্রম চালাতে ৪৫ কোটি ডলার প্রয়োজন। অর্থসংকটে পশ্চিম তীরেও সহায়তা পাওয়া মানুষের সংখ্যা চার লাখ থেকে কমিয়ে দুই লাখ করা হয়েছে।
Keep Reading
Add A Comment

