রাজধানীতে অটোরিকশা ও ই-বাইক চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আটটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি জোনে এসব যানবাহনের জন্য আলাদা রং নির্ধারণের পাশাপাশি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে। নির্ধারিত সংখ্যার বাইরে নতুন করে নিবন্ধনের সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চারটি করে মোট আটটি জোন থাকবে। এর মধ্যে চারটি জোনে অটোরিকশা ও ই-বাইক চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে বিধি ও নীতিমালা তৈরির কাজ চলছে।
প্রতিটি জোনের অটোরিকশায় ভিন্ন রং ব্যবহার করা হবে, যাতে এক জোনের যান অন্য জোনে চলাচল করতে না পারে। একই সঙ্গে জোনভিত্তিক চাহিদা নির্ধারণ করে অটোরিকশার সংখ্যা সীমিত রাখা হবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমানে অটোরিকশা নিয়ে রাজধানী থেকে দেশের বিভিন্ন এলাকায় চলে যাওয়া সম্ভব। এ ধরনের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যারা অটোরিকশা চালাচ্ছেন, তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
Keep Reading
Add A Comment

