নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেলে নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের যৌথ দল তাকে উদ্ধার করে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেপালি সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির নাম লুহাইতাও। টানেলের প্রায় ২২৫ মিটার ভেতর থেকে তাকে জীবিত অবস্থায় বের করে আনা হয়। উদ্ধারের পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসের পর আকস্মিক বন্যা ও ঢলে ত্রিশুলি উপত্যকার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়। এতে বহু মানুষ নিহত ও নিখোঁজ হন। একই সঙ্গে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আটকা পড়েন।
কাদা, পানি ও ধ্বংসাবশেষে টানেলগুলো ভরে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। লুহাইতাওকে উদ্ধারের পরও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধারের ঘটনায় নিখোঁজদের স্বজনদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
Keep Reading
Add A Comment

