রাজধানীর শেরেবাংলানগরে চলন্ত অটোরিকশা থেকে ফেলে বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনকে (৫৬) হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—মো. পনি ওরফে প্যারা পনি (২৮), সেন্টু জুলিয়ান (২৪) ও মো. রাকিব হোসেন (২৪)। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার উপপরিদর্শক মো. জাহিদুল হাসান রিয়াল তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন গত ২৯ আগস্ট চোখের চিকিৎসার জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে অটোরিকশায় করে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন।
জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দিলে তিনি চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার স্বামী শেরেবাংলানগর থানায় মামলা করেন। পরে রোববার (৩০ আগস্ট) র্যাব-২ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

