বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার (২১ আগস্ট) মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এ রায় দেন।
রায়ে বিচারক বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা ভিসা স্থগিতের নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন বলেও উল্লেখ করেন আদালত।
জাতীয়তার ভিত্তিতে ৭৫ দেশের নাগরিকদের ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করা প্রচলিত আইনি কাঠামোর লঙ্ঘন বলেও রায়ে বলা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে ভিসার অপেক্ষায় থাকা হাজার হাজার আবেদনকারীর জন্য নীতিটি বাতিলের মাধ্যমে নতুন সুযোগ তৈরি হলো।
জানুয়ারিতে কার্যকর হওয়া ওই তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বসনিয়া ও আলবেনিয়াসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ ছিল।
ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলো শুরু থেকেই এ নীতির বিরোধিতা করে আসছিল।
‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক’ ও ‘আফ্রিকান কমিউনিটিজ টুগেদার’-এর করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

