ভারতের বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার ভোরে বিপুলসং খ্যক পুণ্যার্থী মন্দিরে উপস্থিত থাকাকালে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর তার ছিঁড়ে পড়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে নারীদের সারিতে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে অনেকে ভারসাম্য হারিয়ে একে অপরের ওপর পড়ে যান। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
ঘটনার পর মন্দির এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

