আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, কোনো সংসদ সদস্যের আসতে দেরি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত রাখা হয়েছে। সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। ইসির কর্মকর্তারা তাঁদের কাছে ব্যালট পৌঁছে দেবেন।
ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোটগ্রহণের জন্য কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর অধিবেশন কক্ষেই ভোট গণনা শুরু হবে। ৩৪৯টি ব্যালটের বৈধ ও বাতিল ভোট এবং প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন। পরে ইসি সচিবালয় থেকে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
এ ছাড়া সংসদ কক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে বলে জানান ইসি সচিব।

