মানিকগঞ্জ জেলার দৌলতপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল চারটার দিকে উপজেলার জৈন্তা স্টিল ব্রিজের ওপর এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত ব্যক্তির নাম মো. ফুলচান (৭৫)। তিনি দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের লাউতারা গ্রামের মৃত ওয়াজ উদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ফুলচানের একটি পা বিচ্ছিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
দুর্ঘটনায় চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার বৈন্যা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ছালাম (৬৫) ও মধুর ছেলে সাকিন (৩৫)। আহত এই দুইজনকে বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের ওপর দুই অটোরিকশার গতি বেশি থাকায় এই সংঘর্ষের তীব্রতা ছিল অনেক বেশি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

