‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়—সবার আগে বাংলাদেশ’ স্লোগানে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ইতিহাসসচেতন বর্তমান প্রজন্ম ৭ নভেম্বরের প্রেরণায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।
শনিবার সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী-জনতার ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ষড়যন্ত্রকারীরা তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দি করেছিল। দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র প্রতিহত করে। এর মধ্য দিয়ে জাতীয় ঐক্যের চেতনার প্রতীক হিসেবে ৭ নভেম্বরের সূচনা হয়।
তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা মহাজোটের নামে একজোট হয়ে দেশে আবারও একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিল। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সেনা হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীর গৌরব ক্ষুণ্ন করা হয়েছিল।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই অপশক্তির পতন ঘটে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়। এ সময় গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
জাতীয় পরিচয়ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবার একটাই গর্বিত পরিচয়—‘আমরা বাংলাদেশি’। এই পরিচয়ই সবাইকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্যও প্রাসঙ্গিক থাকবে।
তিনি আরও বলেন, একটি জাতির ইতিহাস শুধু অতীতের স্মৃতিচারণ নয়; বরং তা আত্মপরিচয় গড়ে তোলা এবং ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা জোগায়। তরুণদের মেধা ও সম্ভাবনা বিকাশে বর্তমান সরকার বদ্ধপরিকর। স্বাধীনতার মূলমন্ত্র ধারণ করে নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত হাজারো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর উদ্দেশে প্রধানমন্ত্রী স্লোগান দেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ’। জবাবে পুরো স্টেডিয়াম থেকে সমস্বরে ধ্বনিত হয়, ‘সবার আগে বাংলাদেশ’।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, ন্যাশনাল ক্যাডেট কোর ও বাংলাদেশ স্কাউটসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

