রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে একই আদেশের বিরুদ্ধে তিনটি পৃথক আবেদন করে জামিন নেওয়ার চেষ্টার ঘটনায় তিন আইনজীবীসহ ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে তাদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিন আইনজীবী, পাঁচ আসামি ও মামলার তিন তদবিরকারক। আইনজীবীরা হলেন অ্যাডভোকেট আন্না খানম, অ্যাডভোকেট এস এম আব্দুল বাতেন সাকিল ও অ্যাডভোকেট রহিম উদ্দিন। একই সঙ্গে এই তিন আইনজীবীকে আগামী ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাঁচ আসামিকে কোনো আদালতে জামিনের আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রোববার একটি মামলার শুনানির সময় আদালতের নজরে আসে, একই আসামিদের জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে তিনটি পৃথক আবেদন করা হয়েছে। তিনজন ভিন্ন আইনজীবীর মাধ্যমে করা এসব আবেদন পৃথক আদালতের কার্যতালিকায় দীর্ঘদিন ধরে ছিল। পরে আদালত তিনটি আবেদন একত্র করে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করেন।
বুধবার একসঙ্গে তিনটি আবেদনের শুনানি নিয়ে আদালত দেখতে পান, পাঁচ আসামির জামিন চেয়ে করা আবেদনগুলোর সঙ্গে নিম্ন আদালতের একই জামিন নামঞ্জুরের আদেশ সংযুক্ত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল আরও জানান, একই আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে একাধিক আবেদন করার বিষয়টি আদালতের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ ঘটনায় পাঁচ আসামি, তিন আইনজীবী ও তিন তদবিরকারকসহ মোট ১১ জনকে শোকজ করা হয়েছে। তাদের ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাঁচ আসামির পক্ষে কোনো আদালতে জামিনের আবেদন করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

