ঢাকার সাভারে একটি পরিত্যক্ত ডোবা থেকে আবু কালাম (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৭টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদপুর এলাকার ল্যাব জোন হাসপাতালের পূর্ব পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু কালাম ফরিদপুর জেলার বোয়ালমারি থানার ডহরনগর গ্রামের সাইদুর রহমান মিনারের ছেলে। তিনি সাভারের মজিদপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, সকালে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ দেখতে পেয়ে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের বাবা সাইদুর রহমান জানান, আবু কালাম সাভারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। বিদেশ যাওয়ার উদ্দেশ্যে তিনি কয়েকজন ব্যক্তির কাছে টাকা জমা দিয়েছিলেন। তবে বিদেশে পাঠানোর বিষয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

