শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার এবং চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
এ লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার একটি করে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হাসপাতাল বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার কথা বিবেচনায় রেখে নির্মাণ করা হবে।
সংসদে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব খাতকে পরিকল্পিতভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে।
একইভাবে শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে এবং চিকিৎসাব্যবস্থাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে।
তিনি বলেন, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা অতীতে গণতান্ত্রিক সরকারের সময়ে যে পর্যায়ে গড়ে উঠেছিল, পরবর্তী সময়ে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের চিকিৎসাব্যবস্থার দুরবস্থার কারণে মানুষকে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। তাই শ্রমিকসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি জানান, দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতাও উদ্বেগ প্রকাশ করেছেন।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

