যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও চলতি বছর গাজায় ইসরায়েলি হামলায় ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জনের বেশি। নিহতদের মধ্যে ৩০১ জন শিশু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী বিমান হামলা ও কামান হামলাসহ সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার কথা ছিল।
তবে বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের তথ্য উঠে এসেছে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত প্রতি মাসেই ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জুলাইয়ে সর্বোচ্চ ১৫২ জন নিহত হন, যার মধ্যে ২১ শিশু।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের জন্য সরাসরি ইসরায়েলি সামরিক অভিযানকে দায়ী করেছে। জাতিসংঘ ও বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা তাদের পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করলেও ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির সময় গাজায় ইসরায়েল প্রায় ২০০টি হামলা চালিয়েছে। এসব হামলায় হামাসের সদস্যসহ অন্যান্য সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।
আরও আকর্ষণীয় কয়েকটি


