Tuesday, September 1, 2026

নেপালের ভয়াবহ হড়পা বান ও বন্যা বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে কাঠমান্ডু। দেশটির দাবি, ধনী ও শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নির্গমন জলবায়ু সংকটকে ভয়াবহ করে তুলেছে। প্রাথমিক হিসাবে, বিপর্যস্ত নেপালকে পুনর্গঠনে প্রয়োজন অন্তত ৫০০ কোটি ডলার।
এ অবস্থায় জাতিসংঘের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিশেষ তহবিল থেকে জরুরি আর্থিক সহায়তা চেয়েছে নেপাল। তবে তহবিলটির সীমিত সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নেপালের দুর্যোগ মোকাবিলা দফতরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত ৯৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১১ হাজার ৩৭৯ জনকে, আর এখনও ৩ হাজার ৯২৫ জন নিখোঁজ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে।
জাতিসংঘের জলবায়ু তহবিল গঠনের জন্য এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রায় ৮২ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। অথচ ইতোমধ্যে ১১৯টি দেশ থেকে ২৮০ কোটি ডলার সহায়তার আবেদন জমা পড়েছে।
তহবিল-সংশ্লিষ্ট বোর্ডের সাবেক সহ-সভাপতি রিচার্ড শেরম্যানের মতে, বর্তমান পরিস্থিতিতে নেপালকে প্রায় ২ কোটি ডলার সহায়তা দেওয়া সম্ভব হতে পারে। তবে নেপালের বিপুল ক্ষয়ক্ষতির তুলনায় এই অর্থ অত্যন্ত অপ্রতুল বলেও তিনি স্বীকার করেছেন।

Exit mobile version