Thursday, September 3, 2026

বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামবাগ এলাকায় জমে থাকা প্লাস্টিকসহ সব ধরনের বর্জ্য আগামী ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক এবং লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন। একই সঙ্গে আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০১০ সালে বুড়িগঙ্গার পানি দূষণ রোধে এইচআরপিবির করা এক রিটের রায়ে নদীর তীরে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলে রাখা নিষিদ্ধসহ বেশ কয়েকটি নির্দেশনা দেন হাইকোর্ট।
তবে গত ১৯ আগস্ট ইংরেজর একটি পত্রিকায় এ প্রকাশিত এক প্রতিবেদনে ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গার তীরে শত শত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলে রাখার তথ্য উঠে আসে। এসব বর্জ্য নদীর পানিতে মিশে দূষণ আরও বাড়ার আশঙ্কায় গত ৩০ আগস্ট আদালতে আবেদন করে এইচআরপিবি।
শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বুড়িগঙ্গার পানি দূষণের কারণে ঢাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদালতের আগের নির্দেশনা থাকা সত্ত্বেও নদীর তীরে বিপুল পরিমাণ বর্জ্য ফেলে রাখা হয়েছে।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট নাছরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

Exit mobile version