রাজধানীবাসীকে বাসযোগ্য নগরী উপহার দিতে যে কোনো বাধা উপেক্ষা করে ফুটুপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। মিরপুরসহ রাজধানীর যেসব এলাকায় ফুটপাত দখলের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেখানেই অভিযান চালাবে ডিএনসিসি।
তিনি বলেন, যত বাধাই আসুক না কেন, নগর উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য রাজধানী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।ু
প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়নে কাজ করবে।
এ সময় নগর উন্নয়নে ‘ফুটস্টেপ’-এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
Keep Reading
Add A Comment

