ইসরায়েলের অব্যাহত হামলা ও যুদ্ধের ভয়াবহতার মধ্যেও গাজায় আনন্দঘন পরিবেশে গণবিবাহের আয়োজন করা হয়েছে। এতে ২৫০ ফিলিস্তিনি দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত মানুষের জীবনে ভালোবাসা, আশা ও নতুন শুরুর বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত মানবিক সহায়তা কর্মসূচি ‘অপারেশন শিভালরাস নাইট’-এর উদ্যোগে শুক্রবার এ গণবিবাহ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিয়ে করতে আসা সায়েদ আল নাজার বলেন, ‘আমরা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে বসবাস করছি। নিজেদের এলাকায়, নিজেদের বাড়িতে ফিরে যেতে চাই। বিয়ের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করছি।’
নববধূ তাসিল আবু মাতার জানান, অনুষ্ঠানে তাঁর মা ও বোন উপস্থিত থাকলেও পশ্চিম তীরে অবস্থান করায় বাবা আসতে পারেননি। তাঁর দাদি হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। এ ছাড়া তাঁর ভাই হামলায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের কয়েকজন সদস্যের অনুপস্থিতিতে আনন্দ কিছুটা অসম্পূর্ণ থাকলেও এমন আয়োজনে তিনি আনন্দিত।

