মোংলা বন্দরকে আধুনিকায়নের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের সম্ভাবনাময় অর্থনৈতিক হাবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ আশপাশের অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি, আধুনিক টার্মিনাল, ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং সুবিধাসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার কমলাপুর আইসিডি থেকে কনটেইনারবাহী ট্রেন সরাসরি মোংলা বন্দরে চলাচল করতে পারবে।
তিনি বলেন, পঞ্চগড় থেকে মোংলা পর্যন্ত সড়ক যোগাযোগ, পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি খান জাহান আলী বিমানবন্দরের উন্নয়নও সরকারের অগ্রাধিকারে রয়েছে।
তারেক রহমান বলেন, জ্বালানি, সার, খাদ্যশস্য ও শিল্পের কাঁচামাল আমদানি এবং দেশীয় পণ্য রপ্তানিতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্দরটির আধুনিকায়ন হলে এ অঞ্চলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
প্রধানমন্ত্রী জানান, খুলনা অঞ্চলে শিল্পকারখানার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিল্পে গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলে কীভাবে গ্যাস আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ, শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, জ্বালানি ও খাদ্য নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মোংলা বন্দরের নাব্যতা, নৌপথের নিরাপত্তা এবং প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
বন্দর উন্নয়নে চীনের সহযোগিতার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

