পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির উপকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। এ কারণে কাউকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
তবে অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল ৬০০ লিটার গ্লুকোজ জেলি, ৫০ লিটার সরবিটল এবং ২০০ লিটার গ্লিসারিন।
পরবর্তীতে এসব জব্দকৃত উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জব্দকৃত উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

