ইসলামী ফ্রন্টের নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা ও ডাকাতির মামলায় ছয় আসামির বিচার শুরু হয়েছে।
আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
রোববার ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার এ তথ্য জানান।
অভিযোগ গঠন হওয়া ছয় আসামি হলেন– আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, হাদিসুর রহমান সাগর, মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন।
জামিনে থাকা তিন আসামি নাহিদ, রিপন ও হাদী আদালতে উপস্থিত ছিলেন। তাদের পক্ষে আইনজীবী জায়েদুর রহমানসহ কয়েকজন আইনজীবী অব্যাহতির আবেদন করেন।
কারাগারে থাকা আসামি সাগরকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি বাশার ও ফারদীন পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
২০১৪ সালের ২৭ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ফারুকীর বাসার কলিং বেল চাপ দেয় দুর্বৃত্তরা। দরজা খুলে দিলে দুজন বাসায় প্রবেশ করে তার সঙ্গে বসার ঘরে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর আরও ছয়-সাতজন সেখানে প্রবেশ করে।
বসার ঘরে পর্যাপ্ত চেয়ার না থাকায় ফয়সাল ফারুকীর মামাতো ভাই মারুফ হোসেন ভেতর থেকে চেয়ার আনতে যান। ফিরে এসে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা নুরুল ইসলাম ফারুকীর মাথায় পিস্তল ও চাপাতি ঠেকিয়ে রেখেছে।
পরে দুর্বৃত্তরা বাসার লোকজনকে বেঁধে ফারুকীকে হত্যা করে।
এ সময় বাসা থেকে নগদ টাকা, মুঠোফোন, স্বর্ণালঙ্কার ও ক্যামেরা লুট করে নিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর ২০২৪ সালের ৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কে এম আবুল কাশেম ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
হত্যা মামলা হলেও তদন্তে আসামিদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগ আনা হয়।

