পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ ঘটনায় একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার পরিণতি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগ করতে হবে। মৃত্যুর পর একজন মানুষের মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি।
তিনি বলেন, অতীতেও বিচার-পরবর্তী সময়ে কয়েকজনের মরদেহের সঙ্গে এ ধরনের আচরণের ঘটনা ঘটেছে। তবে ওই বিচারগুলোর পক্ষে থাকা ব্যক্তিরাও এমন আচরণ পছন্দ করেননি। মৃত্যুর পর একজন মানুষের বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তাঁরা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন; মানুষের প্রশংসা বা সমর্থন পাবেন না।
চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদী ও অতি ডানপন্থী উগ্রবাদীদের তৎপরতা এবং টঙ্গীতে এক শিশুকে নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে।
টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা অব্যাহত থাকলে এ ধরনের প্রবণতা কমে আসবে। রাষ্ট্রের আইন ভঙ্গ করে কেউ এমন কর্মকাণ্ড চালাতে পারবে না—সরকারের পক্ষ থেকে এ বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না, জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার তার অবস্থান থেকে সরে আসেনি, ভবিষ্যতেও আসবে না।
তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতেও সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার সময়ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়েছিল।
এসব বিষয়ে বাংলাদেশ সম্মতি দিয়েছে—এমনটি ভাবার সুযোগ নেই। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

