যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দেশের সর্বোচ্চ নেতৃত্ব বা রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের নির্দেশ পেলে পারমাণবিক নীতি পরিবর্তনে প্রস্তুত রয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে প্রয়োজনীয় সামরিক প্রস্তুতিও গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক নীতিতে যেকোনো পরিবর্তন সম্পূর্ণভাবে দেশটির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। ফার্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
তবে আইআরজিসির এই বক্তব্যের অর্থ এই নয় যে, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্রবিরোধী অবস্থান থেকে সরে এসেছে। দেশটির নীতিতে কোনো পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানাননি মোহেব্বি। সম্ভাব্য পরিবর্তনের ধরন সম্পর্কেও তিনি বিস্তারিত কিছু বলেননি।
এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসেন রেজাঈ জানিয়েছিলেন, দেশের পারমাণবিক নীতিতে কিছু পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।
বিশ্লেষকদের মতে, রেজাঈর বক্তব্যের ধারাবাহিকতায় আইআরজিসির মুখপাত্রের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। এতে স্পষ্ট হয়েছে, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত এলে সম্ভাব্য নীতিগত পরিবর্তন বাস্তবায়নে সামরিক প্রস্তুতি নিতে আগ্রহী আইআরজিসি।
উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। ফলে আইআরজিসির সাম্প্রতিক বক্তব্যকে নীতি পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি ভবিষ্যতে নীতি পরিবর্তনের সম্ভাবনার বিষয়ে একটি সতর্কসংকেত।

