Friday, July 24, 2026

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার মাঠের নৈপুণ্যের জন্য নয়, বরং নিজের নতুন চেহারার কারণে। বিশ্বকাপ শেষে ছুটিতে দেশে ফিরে মুখাবয়বে পরিবর্তন এনে নতুন লুকে হাজির হয়েছেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
সম্প্রতি প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ভিনিসিয়ুসের চোয়াল ও থুতনির গঠন আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও ধারালো দেখাচ্ছে। এতে অনেক ভক্তই প্রথম দেখায় তাকে চিনতে পারেননি। সামাজিক মাধ্যমে কেউ নতুন লুকের প্রশংসা করেছেন, আবার কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটি যেন একেবারেই অন্য একজন ভিনিসিয়ুস।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে অবস্থানকালে তিনি ‘চিন হারমোনাইজেশন’ বা থুতনি ও চোয়ালের আকৃতি আরও ভারসাম্যপূর্ণ করার একটি কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এটি সাধারণত ফিলার ও অন্যান্য নন-সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে করা হয় এবং এতে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরই ভিনিসিয়ুস এই পরিবর্তন আনেন। মাঠে তিনি ব্যক্তিগতভাবে ভালো খেললেও ব্রাজিল শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নেয়। এরপর ছুটি কাটিয়ে নতুন রূপে জনসমক্ষে আসেন এই ২৬ বছর বয়সী ফুটবলার।
ফুটবলের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল সচেতনতার জন্যও পরিচিত ভিনিসিয়ুস। বিভিন্ন সময় নতুন হেয়ারস্টাইল, পোশাক ও ব্যক্তিগত স্টাইলের কারণে তিনি আলোচনায় এসেছেন। এবার মুখাবয়বের এই পরিবর্তন সেই আলোচনাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে।
এদিকে নতুন মৌসুম সামনে রেখে রিয়াল মাদ্রিদে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনিসিয়ুস। সমর্থকদের প্রত্যাশা, নতুন লুকের পাশাপাশি মাঠেও তিনি আগের মতোই গতিময় ও কার্যকর পারফরম্যান্স উপহার দেবেন।

Exit mobile version