শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে দুপুর পৌনে ১টার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনাল-২ মোজাফফর হোসেনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এছাড়া প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আবেদনে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার থাকা মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এ কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং পরবর্তীতে তাকে গ্রেফতার দেখিয়ে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখানো, মিলল দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
ট্রাইব্যুনালের নির্দেশ

