সংসারে নতুন অতিথি। প্রথম সন্তানের মা-বাবা হলেন টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি। রবিবার দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোহিনী। সমাজমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তারকা দম্পতি।
সন্তানের আগমনের খবর জানিয়ে একটি ছবি পোস্ট করেন সোহিনী ও শোভন। সেখানে দেখা যায়, শিশুর পায়ের ছাপ, লাভ সাইন ও গাছের ছায়া। ছবির সঙ্গে তাঁরা লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’ পোস্টের শেষে সন্তানের জন্মতারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬।
প্রিয় তারকা দম্পতির ঘরে নতুন অতিথি আসার খবরে শুভেচ্ছায় ভাসছেন সোহিনী ও শোভন। তাঁদের সহকর্মী ও অনুরাগীরা মা ও সন্তানের সুস্থতা এবং মঙ্গল কামনা করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সন্দীপ্তা সেন, রণিতা দাস ও দর্শনা বণিকসহ অনেকে।

