দেশের বেকারত্ব নিরসন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্বমানের কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের বেকারত্ব সমস্যা নিরসনে উচ্চশিক্ষাসহ সর্বস্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর জোর দেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করে। তারা জানায়, ইস্টার্ন ইউনিভার্সিটি ‘জেসাপ আন্তর্জাতিক কোর্ট’ প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হয়েছে।
এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ১০০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে বলে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়।
রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাফায়েত মোহাম্মদ রাজু, উপাচার্য ফরিদ আহমদ সোবহানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

