মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন হুইপ নিয়োগের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে সোমবার, ২ মার্চ ২০২৬ এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ‘দ্য বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২’ এর অনুচ্ছেদ ৩(১) এ প্রদত্ত ক্ষমতা বলে ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করেছেন।

নবনিযুক্ত ৬ জন হুইপ এবং তাঁদের নির্বাচনী এলাকার তথ্য নিচে তুলে ধরা হলো। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজাম) এই পদে নিয়োগ পেয়েছেন।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রেরণ করা হয়েছে। তালিকায় নবনিযুক্ত ৬ জন হুইপ ছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের নামও অনুলিপিতে অন্তর্ভুক্ত রয়েছে।

অনুলিপি প্রেরিত উল্লেখযোগ্য দপ্তরগুলোর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, রাষ্ট্রপতির সচিব, সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব বা সচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস। ত্রয়োদশ সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Leave A Reply

Exit mobile version