নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০৩ পর্যটক, যাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালি পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৬৪ জনের মরদেহ চিতওয়ান ও ২৬ জনের মরদেহ নাওয়ালপরাসি ইস্ট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন।
নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের নাগরিকের সংখ্যা বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রের ৫৪, অস্ট্রেলিয়ার ৩৪ এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক নিখোঁজ রয়েছেন।
এদিকে চীনের তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধসে ৫৫৮ জন নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে ২৬০ জন বিদেশি। সেখানে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এ ঘটনায় শোক জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৮ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পকে কারণ মনে করা হলেও ইউএসজিএস জানিয়েছে, হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের তীব্র প্রবাহ থেকেই ওই কম্পনের সৃষ্টি হয়েছিল।

