Sunday, July 19, 2026

বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে খুব একটা আগ্রহী নয় ফ্রান্স কিংবা ইংল্যান্ড—এমন মন্তব্য নতুন নয়। অনেকেই এই ম্যাচকে ‘অপ্রয়োজনীয়’ বলেও অভিহিত করেন। তবে শনিবার রাতে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটিকে সামনে রেখে উভয় দলই একাদশে একাধিক পরিবর্তনের পরিকল্পনা করছে।
ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমপ নিশ্চিত করেছেন, তিনি শুরুর একাদশে পরিবর্তন আনবেন। এরপরই প্রশ্ন উঠেছে, দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন কি না। কারণ তিনি না খেললে গোল্ডেন বুট জয়ের পথে আরও এগিয়ে যাবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
তবে দেশমপ জানিয়েছেন, এমবাপ্পে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও ফ্রান্সের কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে তিনি কিছু নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার কথাও ইঙ্গিত দিয়েছেন।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে ইতোমধ্যে ৮ গোল করেছেন। সমান সংখ্যক গোল করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসিও। তবে একটি অতিরিক্ত অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে এগিয়ে রয়েছেন মেসি। উল্লেখ্য, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলও গোল্ডেন বুটের হিসাবের অন্তর্ভুক্ত।
দেশমপ বলেন, “তারা খেলুক বা না খেলুক, প্রধান কোচ হিসেবে আমার দায়িত্ব হলো দলের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়া। আগামীকালের লক্ষ্য অর্জনে যা প্রয়োজন, আমরা সেটাই করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমার হাতে কিছু বিকল্প রয়েছে। কেউ হয়তো খেলবে, আবার ব্যক্তিগত কারণে কেউ খেলতে নাও চাইতে পারে। খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত আলোচনা প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলতে পারি, দলে কয়েকটি পরিবর্তন অবশ্যই থাকবে।”

Exit mobile version