Sunday, July 19, 2026

আগামী রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই মহারণ ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
বিশ্বকাপের ফাইনাল মানেই দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। এবারের ফাইনালও তার ব্যতিক্রম নয়। একদিকে বলের দখল, ধৈর্য ও নিখুঁত পাসিংনির্ভর স্পেন; অন্যদিকে গতি, তীব্রতা এবং শেষ মুহূর্তের বিধ্বংসী আক্রমণে প্রতিপক্ষকে চূর্ণ করে দেওয়ার ক্ষমতাসম্পন্ন আর্জেন্টিনা। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে মূলত মাঝমাঠের নিয়ন্ত্রণ কার হাতে থাকে, তার ওপর।
সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে স্পেন। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে ও উসমান দেম্বেলের মতো তারকাসমৃদ্ধ আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে লা রোহা।
সেই ম্যাচে স্পেনের মাঝমাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখান ফাবিয়ান রুইস ও মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি। তাদের দখলদারিত্বেই ম্যাচের গতি ও বলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখতে সক্ষম হয় স্প্যানিশরা। পাশাপাশি দানি ওলমোর দ্রুত পাসিং, এক স্পর্শে আক্রমণ গড়ে তোলার দক্ষতা এবং লামিন ইয়ামালের বিস্ফোরক গতি ফ্রান্সের রক্ষণকে বারবার চাপে ফেলে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম কৌশলগতভাবে স্পেনের মিডফিল্ডের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হন। সেই সুযোগটিই পুরোপুরি কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্পেন।
তবে আর্জেন্টিনা একই ভুল করবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাঝমাঠে সংখ্যাগত আধিপত্য তৈরি করে দ্রুত লিওনেল মেসির সঙ্গে সমন্বয় গড়ে তোলা দলটির অন্যতম বড় শক্তি। পাশাপাশি প্রতিপক্ষের খেলার ছন্দ নষ্ট করতে ছোট ছোট ফাউল এবং দ্রুত কাউন্টার অ্যাটাক ঠেকানোর কৌশলও তারা দক্ষতার সঙ্গে প্রয়োগ করে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন—স্পেন কি নিজেদের স্বাভাবিক ছন্দ ও ধৈর্য ধরে রেখে আর্জেন্টিনার পরিকল্পনা ভেস্তে দিতে পারবে?
এই ম্যাচের প্রকৃত লড়াই হবে মাঝমাঠেই। শুধু ৬০ বা ৭০ মিনিট নয়, পুরো ৯০ মিনিট একই মনোযোগ, শৃঙ্খলা ও ছন্দ ধরে রাখতে হবে স্পেনকে। কারণ এবারের বিশ্বকাপে শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অসাধারণ সামর্থ্য দেখিয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ড—সব দলই শেষ দিকে আলবিসেলেস্তেদের তীব্র আক্রমণের সামনে নাস্তানাবুদ হয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে মেসিদের আক্রমণ আরও ভয়ংকর হয়ে ওঠে। তাই শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত উত্তেজনায় ভরপুর থাকবে এই ফাইনাল। আর সে কারণেই আর্জেন্টিনা-স্পেন মহাযুদ্ধে মাঝমাঠের লড়াইটিই হয়ে উঠতে পারে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

Exit mobile version