রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহতে ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের প্রতিষ্ঠান আর্সেলরমিত্তালের স্টিল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
জেলেনস্কি জানান, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় আর্সেলরমিত্তালের কারখানার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও ব্লাস্ট ফার্নেস পরিচালনার গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ফলে সাময়িকভাবে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে।
ইউক্রেনের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলরমিত্তাল যুদ্ধের কারণে আগে থেকেই সংকটে ছিল।
এর আগে রোববার রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার দাবি, ওই রাতে ৮২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয় এবং হামলায় ছয়জন নিহত হন। এর জবাবেই রাশিয়া ইউক্রেনে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে মস্কোর দাবি।

