রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আজহার পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঢাকার কুরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা সরাসরি দেখতেই তিনি রাজপথে বের হয়েছেন এবং নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর যাত্রাপথ সম্পর্কে জানান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হন। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতেই তিনি বিভিন্ন এলাকায় যান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা সড়ক, মালিবাগ, তালতলা মার্কেট ও বাসাবো এলাকা প্রদক্ষিণ করে। পরে কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, নয়া বাজার, বংশাল ও গুলিস্তান এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি।
এছাড়া শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার সড়ক পরিস্থিতিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
উপ-প্রেস সচিব আরও জানান, রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে চলাচলের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।
সরকারের হিসাবে, এ বছর ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। এতে ৫৫ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হয়েছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুত অপসারণে গত দুই দিন ধরে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন।

