ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য জানান।
আলভীর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জামিনের বিরোধিতা করেন।
গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। তবে আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর গত ২১ জুন তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানির জন্য রাখা হয় ২৪ জুন। ওইদিন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩০ জুন তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের একটি বাসায় বেলা পৌনে ১২টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা আলভীর জামিন আবেদন নাকচ
আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য জানান

