রাজধানীর ওয়ারী এলাকায় একই বাড়িতে বসবাসরত এক নারীকে যৌন হয়রানির দায়ে মোবারক হোসেন মোহন নামে এক আইনজীবীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুনতাসির আহমেদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহিনা আক্তার সাজার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জরিমানার টাকা অনাদায়ে আসামিকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. ফোরকানও বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, মোবারক হোসেন মোহন ভুক্তভোগী নারীর আত্মীয়ের জামাতা। তারা রাজধানীর ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিটের একই বাড়ির পৃথক কক্ষে বসবাস করতেন।
এ সময় মোবারক বিভিন্নভাবে ওই নারীকে কুপ্রস্তাব ও অশোভন অঙ্গভঙ্গি করতেন। বিষয়টি নারী তার স্বামীকে জানালেও লোকলজ্জার ভয়ে তিনি তা প্রকাশ করেননি।
২০১৭ সালের ২০ আগস্ট রাত পৌনে ৯টার দিকে বাড়ির রান্নাঘরের পাশে পেছন থেকে জাপটে ধরে ওই নারীকে যৌন হয়রানি করেন মোবারক। এ ঘটনায় ওই দিনই ওয়ারী থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০১৯ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

