অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করা না গেলে রাজনৈতিক গণতন্ত্র কখনো কার্যকর হবে না। অর্থনীতি গণতান্ত্রিক করতে পারলে রাজনৈতিক গণতন্ত্রের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে। অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়।
বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করাকে সময়ের অপচয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না, এটি ওয়েস্ট অব টাইম।’
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। সরকার তথ্যের স্বচ্ছতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা মূলত নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মানুষ যাতে নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন সুবিধা পেয়েছেন, অন্যদিকে যোগ্য ব্যক্তিরা ছিলেন সুবিধাবঞ্চিত। এর ফলে বাংলাদেশের সীমিত সম্পদের একটি বড় অংশ অপচয় হয়েছে।
তিনি আরও বলেন, নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

