শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে টনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।
শ্রমিকদের মূল দাবি ছিল মজুরি বোর্ড গঠন, ইতোমধ্যে তা গঠন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। আমরা দেখেছি, গ্রেপ্তার হওয়া মুখোশধারীরা সেখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে। যারা এখন সহিংসতায় জড়াচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রবিবার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবারই বোর্ডের প্রথম সভা হতে পারে, অন্যথায় খুব শিগগিরই সভা অনুষ্ঠিত হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে যথাসম্ভব দ্রুত ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমানের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শ্রমিকদের সমস্যাগুলো সহানুভূতির সঙ্গে দেখতে হবে। বাস্তবতার নিরিখেই মজুরি নির্ধারণ করা হবে। এখানে অসন্তোষের কিছু নেই।
গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিছু শিল্প মালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করেছেন বলে তারা জানিয়েছেন। এ ধরনের মালিক ও কারখানার তালিকা দিতে বলা হয়েছে।
এ ছাড়া অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় জড়িত কিছু শ্রমিক নেতা ও সংগঠনের নামের তালিকাও চাওয়া হয়েছে। তবে আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকতে পারে না।

