শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের জাফনার চেম্মানি এলাকায় একটি গণকবর থেকে শিশু ও নবজাতকসহ ৫৭২ জনের কঙ্কালাবশেষ উদ্ধার করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে মাটি খননের সময় প্রথম দেহাবশেষের সন্ধান মেলে। এটিকে দেশটির সবচেয়ে বড় গণকবর বলে মনে করা হচ্ছে।
নিখোঁজদের স্বজন ও মানবাধিকারকর্মীদের ধারণা, ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের সময় নিহতদের দেহাবশেষ সেখানে থাকতে পারে। তবে তাদের পরিচয় ও মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি।
উদ্ধার হওয়া কঙ্কালগুলো জাফনা বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের হেফাজতে রয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। নিখোঁজদের পরিবারগুলো দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
শ্রীলঙ্কার সরকার তদন্তে সহযোগিতা এবং ডিএনএ পরীক্ষার আশ্বাস দিলেও সেনাবাহিনী গণহারে বেসামরিক মানুষকে সেখানে সমাহিত করার অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘও নিখোঁজদের পরিচয় শনাক্ত ও দায়ীদের চিহ্নিত করতে আন্তর্জাতিক সহায়তায় তদন্তের আহ্বান জানিয়েছে।

