সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল। গত জুলাইয়ে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গান গেয়ে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত পত্রে গত সোমবার চার শ্রেষ্ঠ শিক্ষকের নাম প্রকাশ করা হয়। তালিকায় বিউটি রানী পাল ছাড়াও রয়েছেন সিলেট সদর, ওসমানীনগর ও গোলাপগঞ্জ উপজেলার তিন শিক্ষক।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী বিউটি রানী পাল দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন তিনি।

