বন্ধ হয়ে যাওয়া তৈরি পোশাক কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করা হয়েছে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিক নেতারাও এতে সন্তুষ্ট। তাই এখন অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করি, বন্ধ কারখানাগুলো খুব শিগগিরই খুলে দেওয়ার ব্যবস্থা হবে। কিছু দুষ্কৃতকারী হয়তো হামলা-টামলা করতে চাইছে। কারণ শ্রমিকদের যেসব দাবি-দাওয়া ছিল, আমরা সেগুলো পূরণ করেছি। মজুরি বোর্ড গঠন হয়েছে, শ্রমিকেরাও সন্তুষ্ট হয়েছেন।’
তিনি বলেন, গার্মেন্টস ও নিট খাতের শ্রমিক সংগঠনগুলোর প্রায় সব নেতার সঙ্গে গত সোমবার আলোচনা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও কথা হয়েছে। সবাই সন্তুষ্ট। এখন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে।
মন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে সহায়ক ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য বোর্ডের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বোর্ডেই আলোচনা হবে। তবে এখন অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ডিসেম্বরকেন্দ্রিক ছিল কি না এবং গোয়েন্দা তৎপরতায় কোনো ঘাটতি ছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং হীন স্বার্থ চরিতার্থ করতে অতীতের ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

