মানব সেনার বদলে বিস্ফোরকবাহী রোবট ও ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে সাফল্যের দাবি করেছে ইউক্রেন। ‘অপারেশন ভিভালদি’-র আওতায় চার মাসের অভিযানে দোনেৎস্ক অঞ্চলের পাঁচটি গ্রাম ও তিনটি বসতি পুনরুদ্ধার এবং তিন হাজারের বেশি রুশ সেনা নিহত করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর তথ্যমতে, মে থেকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অভিযানে ১৫ হাজার ৭০০টির বেশি রোবট ও ড্রোন মিশন পরিচালনা করা হয়। বিস্ফোরকবোঝাই চার চাকার রোবটগুলো বড় ড্রোনের মাধ্যমে রুশ নিয়ন্ত্রিত এলাকার প্রায় ১৪ দশমিক ৫ কিলোমিটার ভেতরে পৌঁছে দেওয়া হতো। পরে রোবটগুলো স্থলপথে লক্ষ্যবস্তুর কাছে গিয়ে হামলা চালাত।
ইউক্রেন জানিয়েছে, রুশ কমান্ড সেন্টার, সামরিক ঘাঁটি, অস্ত্র ও রসদের গুদাম এবং নদী পারাপারের স্থান ছিল এসব হামলার প্রধান লক্ষ্য। ক্যামেরাসংবলিত রোবট দূর থেকে নিয়ন্ত্রণ করা হতো, ফলে ইউক্রেনীয় সেনাদের সরাসরি ঝুঁকিতে পড়তে হয়নি।
থার্ড আর্মি কোরের কমান্ডার জেনারেল আন্দ্রি বিলেৎস্কি বলেন, এ ধরনের রোবট ব্যবহারে মানব সেনার জীবন রক্ষার পাশাপাশি মাইন, গোলাগুলি ও শত্রুর গুলির ঝুঁকি কমানো সম্ভব হয়েছে।
Keep Reading
Add A Comment

