শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার ও এ খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ সমঝোতা সই হয়।
বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে সই করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেহান আসাদ।
সমঝোতায় দুই দেশের জ্বালানি নিরাপত্তা, বেসামরিক পারমাণবিক সহযোগিতা এবং পারমাণবিক শক্তির সম্ভাব্য ব্যবহারের বিষয় গুরুত্ব পেয়েছে। এতে সর্বোচ্চ মানের পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা, সেফগার্ডস এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের নীতি অনুসরণের কথা বলা হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সেফগার্ডস চুক্তি ও অতিরিক্ত প্রটোকল কার্যকর করেছে এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধসংক্রান্ত চুক্তি (এনপিটি)-র স্বাক্ষরকারী দেশ।
দীর্ঘমেয়াদে জ্বালানির উৎস বহুমুখীকরণের অংশ হিসেবে এ সমঝোতা হলো। বাংলাদেশ বর্তমানে রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।
Keep Reading
Add A Comment

